Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- সকাল সকাল সরকারি গাড়িতে চেপে নিয়মিত দিনের মত অফিসে আসা, তবে অফিস শেষে যাবার মাধ্যমটা ব্যতিক্রমী। অন্যদিনের মতো গাড়ি চেপে নয়, কফিন বন্দি হয় বাড়ি ফিরলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকার। সোমবার পুলিশ সদর দপ্তরে নিজ কক্ষের শৌচালয় থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। খবর ছড়িয়ে পড়তে ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আসেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তার দেহ জিবি হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
৩০ শে মে ২০২৫ রাজ্য পুলিশের সর্বোচ্চ আসনে বসেন ১৯৯৪ সন ব্যাচের এই আইপিএস অফিসার। ১৯৭২ সালে উত্তর প্রদেশের বিহারীপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা জি বি হাসপাতালে ছুটে যান। ময়নাতদন্তের পর বিকেলে তার দেহ নিয়ে যাওয়া হয় ডিজিপির সরকারি আবাসনে। রাতেই ঘটনার খবর পেয়ে দিল্লি থেকে ছুটে আসেন তার বড় ভাই বিবেক ধ্যানকর। মঙ্গলবার রাজ্যে আসছেন তার একমাত্র পুত্র। তার অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে আসে বিভিন্ন মহলে।।