Tripura 365
Editorial Team
স্বামীর গায়ে সাপ ছেড়ে দিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে একেবারে হাত মিলিয়ে হাড়হিম এই ঘটনা ওই মহিলা ঘটান বলে অভিযোগ। আপাত দৃষ্টিতে পুরো ঘটনা নিছক দুর্ঘটনা বলে মনে হলেও ফোনে থাকা সাপের ছবিই সমস্ত কিছু ফাঁস করে দেয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরাটে। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত ওই এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই খুনের ঘটনা তা জানতে দফায় দফায় জেরা করা হচ্ছে দুজনকে। জানা গিয়েছে, স্বামীর মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখিয়ে ২০ লাখ টাকার জীবন বীমার টাকা পেতেই এভাবেই খুনের ছক সাজানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, দামিনী পাওয়ার নামে অভিযুক্ত ওই মহিলা তাঁর প্রেমিক তুষার কুমারের সঙ্গে মিলে স্বামী অতুল পাওয়ারকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। তদন্তকারীরা জানান, দামিনী প্রথমে অতুলকে কোনও চেতনানাশক খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। এরপর তাঁর কম্বলের মধ্যে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেন। সাপটির কামড়ে অতুলের মৃত্যু হয়। ঘটনার সময় দামিনী তাঁদের ছয় বছরের সন্তানকে নিয়ে অন্য একটি ঘরে চলে গিয়েছিলেন।