Tripura 365
Editorial Team
বিফোর শাভালালা’জ রকেট ফ্রম লেফট ফুট, বিফোর পিটার ড্রুরি’জ আইকনিক কমেন্ট্রি, বিফোর শাকিরা’জ ওয়াকা ওয়াকা, দেয়ার ওয়াজ ফিলিপ।
আজ থেকে ষোলো বছর পূর্বের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে বুধবার অপূর্ব একখানা লেখা বেরিয়েছে বিলিতি কাগজে। ভদ্রলোক ব্রিটিশ সাংবাদিক। তা, ফিলিপ বলে যাঁর নাম লেখায় বারবার ফিরে এসেছে, পুরোটা পড়ে তাঁকে জলজ্যান্ত মনুষ্য বলে মনে হল না। যদ্দূর বুঝলাম, ফিলিপ নামটা দক্ষিণ আফ্রিকার আত্মার রূপকার্থে ব্যবহৃত! শাভালালার গোলের পর যাঁর কানে ফিসফিসিয়ে লেখক বলেছিলেন, ‘‘ফিল ইট। ইট ইজ হিয়ার!’’ফিল ইট, ইটস হিয়ার এগেইন! মানবসভ্যতা, পারলে অনুভব করে। অনুধাবন করো তার মায়া। অপার সৌন্দর্য। কুহক। ব্যস্ততার দোর খুলে দেখো, সে এসেছে, এসেছে আবার, বছর চার পর। ফিল ইট, ইফ ইউ ক্যান!
এ লেখার ‘সূচিপত্রে’ ষোলো বছরের পুরনো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্মৃতি-বাক্স ঝেড়েঝুড়ে টেনে বার করার প্রয়োজন আছে। প্রথমত, সেবারের মতো এবারও বিশ্বকাপের (FIFA World Cup 2026) উদ্বোধনী ম্যাচ একই, সেই দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো! ফুটবল বিশ্বকাপের ছিয়ানব্বই বছরের ইতিহাসে যা কখনও হয়নি, বিষ্যুদবার তাই হচ্ছে। হবে। পুরনো এক ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ফিরে আসছে নতুন এক ফুটবল বিশ্বকাপে। পার্থক্যের মধ্যে জোহানেসবার্গের বদলে খেলাটা শুধু ইতিহাসের অ্যাজটেকা স্টেডিয়ামে।ষোলো বছর এপার-ওপারের দুই বিশ্বকাপের পারিপার্শ্বিকেও কি তার বাইরে কোনও সাযুজ্য নেই (উঁহু, শাকিরার থিম সং-টংয়ের কথা বলছি না। তবে তথ্যের খাতিরে লিখি, এবারও তিনিই গাইছেন। গানের নাম ‘দাই, দাই’)? গা সেঁটে নেই ষোলো বছরের পুরনো ছমছমে অনিশ্চয়তা? আছে, আছে, আলবাত আছে! সাউথ আফ্রিকার নাম ২০১০ বিশ্বকাপ আয়োজক হিসেবে ঘোষণার পর, সমগ্র পৃথিবী ফিফার সিদ্ধান্তের পাশে একটা বদখত প্রশ্নচিহ্ন সজোরে বসিয়ে দিয়েছিল। উদ্বিগ্ন ভাবে বলেছিল, যে দেশে অপরাধ এক জনপ্রিয় ‘পেশা’, যে দেশে পাবলিক ট্রান্সপোর্ট দুর্দশাগ্রস্ত, যে দেশের স্টেডিয়াম পাতে দেওয়ার মতো নয়, তারা আয়োজন করবে বিশ্বকাপ?
আমেরিকার সে চিন্তা নেই। প্রথম বিশ্বের ‘বড়দা’ তারা। তারাই আইন। তারাই আদালত। তারাই দণ্ডমুণ্ডের কর্তা। ভুবনের অর্ধেক চলে তাদের ‘অঙ্গুলিহেলনে’। ঝঞ্ঝাট অন্যত্র। বিশ্ব-রাজনীতির যে ন্যক্কারজনক নাগপাশে প্রতিনিয়ত বন্দি হচ্ছে আমেরিকা, শেষ পর্যন্ত তারা পারবে ফুটবলের ‘আতর’-কে রক্ষা করতে? পারবে তারা বিশ্বব্যাপী ফুটবল-জনতাকে খেলার মন্দিরে নিয়ে আসতে? ষোলো বছর আগে বিশ্বকাপ আয়োজন করে দেশ হিসাবে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। কিন্তু নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়ে ফুটবলকে জিতিয়ে দিয়েছিল। আমেরিকা দেশ হিসাবে জিতে গিয়েছে বহু, বহু আগে। কিন্তু ট্রাম্পের দেশ পারবে ফুটবলকে জেতাতে?