Tripura 365
Editorial Team
ধূলিঝড়ের কবলে রাজস্থান। মাত্র ৩০ মিনিটের তাণ্ডবে পুরু ধুলোর চাদরে ঢাকল মরুরাজ্য। ভয়ংকর সেই ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিরাট ধুলোর মেঘ কার্যত গোটা আকাশ ঢেকে ফেলে ধেয়ে আসছে। ঝড়ের জেরে প্রায় শূন্যে নেমে আসে দৃশ্যমানতা। জানা গিয়েছে, রাজস্থানের চুরু, হনুমানগড়, শ্রীগঙ্গানগর, বিকানের, নাগৌর, দিদওয়ানা-কুচামান, আলওয়ার এবং সিকার জেলায় এই ধূলিঝড় দেখা গিয়েছে।
স্থানীয়দের তরফে জানা গিয়েছে, শনিবার দুপুর একটা নাগাদ হঠাৎ প্রবল বাতাস বইতে থাকে এলাকায়। বালি ও ধুলোর ঘন মেঘ ঢেকে ফেলে আকাশ। মুহূর্তের মধ্যে ধুলোর চাদরে ঢেকে যায় সমস্ত এলাকা। দৃশ্যমানতা না থাকায় ব্যহত হয় যান চলাচল। জানা যাচ্ছে, এই ধুলোঝড়ের গতি ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। ধুলোর জেরে চোখ জ্বালা ও শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হয় সাধারণ মানুষের। গোটা ঘটনায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।