Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ::-- যুব মোর্চার মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন
বিজেপির নবনিযুক্ত ও নবগঠিত সাংগঠনিক কমিটি ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। বিশেষ করে যুব মোর্চার মণ্ডল সভাপতি নিয়োগের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত ও নীতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
অভিযোগ উঠেছে, সদ্য নিযুক্ত কয়েকজন মণ্ডল সভাপতির বিরুদ্ধে অতীতে বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রতাপগড়-বড়দোয়ালী এবং ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের নবনিযুক্ত মণ্ডল সভাপতিদের নিয়ে দলের কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। যদিও এই অভিযোগগুলোর সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে, দলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, পরিস্থিতি সামাল দিতে নিজ নিজ এলাকায় প্রভাবশালী নেতা-নেত্রীরা সক্রিয় হয়ে উঠেছেন। সাংগঠনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি কোথাও কোথাও প্রভাব খাটিয়ে কর্মীদের নীরব রাখার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। ফলে প্রশ্ন উঠছে, দলের অভ্যন্তরে ভিন্নমত প্রকাশের জায়গা কতটা রয়েছে এবং নবনিযুক্ত কমিটি নিয়ে কর্মীদের অভিযোগ শীর্ষ নেতৃত্বের নজরে আদৌ পৌঁছাচ্ছে কি না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দলের সাংগঠনিক সিদ্ধান্তের পাশাপাশি এই অভিযোগগুলোর বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব কী অবস্থান নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
বিশ্বস্ত সূত্রের দাবি, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও রয়েছে। যদিও এ বিষয়ে মুখ্যমন্ত্রী বা দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহিতার বার্তা যেখানে বারবার সামনে এসেছে, সেখানে দলীয় পদে নিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে দল কীভাবে বিষয়টি যাচাই করে এবং প্রয়োজনে কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন বড় প্রশ্ন।
অভিযোগ সত্য হোক বা মিথ্যা—দলের অভ্যন্তরে ওঠা এই প্রশ্নগুলোর জবাব দেওয়া এবং প্রয়োজন হলে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।।