Tripura 365
Editorial Team
বলিউডের অন্যতম প্রবীণ দম্পতি শাবানা আজ়মি (Shabana Azmi) এবং জাভেদ আখতার (Javed Akhtar)। চার দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন তাঁরা। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে নিজেদের বৈবাহিক জীবন নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনায় অংশ নিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজ়মি।
জাভেদ আখতারের প্রতি আকর্ষণ কী ভাবে তৈরি হয়েছিল, তা জানাতে গিয়ে শাবানা বলেন, ‘কবি-লেখকের বুদ্ধিমত্তা ও রসবোধই সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। আমি এ যাবৎ যত মানুষের সঙ্গে মিশেছি, তার মধ্যে জাভেদকেই আমার প্রখর বুদ্ধি সম্পন্ন বলে মনে হয়েছিল। আমার বাবা (কৈফি আজ়মি) এবং জাভেদের মধ্যে ভীষণ মিল পেতাম। জাভেদকে আবিষ্কার করতে গিয়ে মনে হয়েছিল আমি আমার বাবাকেই নতুন করে খুঁজে পাচ্ছি। দু’জনের পারিবারিক প্রেক্ষাপটও এক। বাবা-মায়েরা প্রগতিশীল লেখক ও কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, আর উর্দু কবিতা ভালোবাসতেন।’
দীর্ঘ ৪০ বছরের বেশি দাম্পত্য জীবন প্রসঙ্গে শাবানা বলেন, ‘আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়। এমন নয় যে সবসময় সবকিছু খুব মসৃণ ভাবে চলে। কিন্তু আমাদের বন্ধুত্বের ভিত অত্যন্ত শক্ত এবং দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক ও সামাজিক আদর্শ একদম এক। আমার মনে হয় সেটাই যে কোনও সম্পর্কে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়।’