Tripura 365
Editorial Team
ফের আত্মঘাতী এক নিট পরীক্ষার্থী! জানা গিয়েছে, ১৯ বছর বয়সি ওই পরীক্ষার্থী মহারাষ্ট্রের বাসিন্দা। তিনি নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মা-বাবার উদ্দেশে একটি ছোট্ট চিরকুট লিখে রেখে মারা গিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আত্মহত্যাই করেছেন তিনি। পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অত্যধিক মানসিক চাপের কারণেই সম্ভবত বেছে নিয়েছেন এই পথ।
জানা গিয়েছে, মৃত তরুণের নাম সুরজ সুভাষ শিন্ডে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার বৈজাপুর তালুকার খান্ডালায় তাঁদের বাড়ি। নিজের ঘরেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই দুই লাইনের ছোট্ট চিরকুটটিও হাতে এসেছে পুলিশের। আবেগঘন সেই চিরকুটে তাঁকে লিখতে দেখা গিয়েছে- ‘মা-বাবা, আমাকে ক্ষমা কোরো… পরবজন্মে আমি তোমাদের জন্য অবশ্যই ডাক্তার হব। দয়া করে নিজেদের খেয়াল রেখো এবং ভালো থেকো।’ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুরজ বাড়ির উপরতলার একটি ঘরে বসে দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সারাদিন ঘরবন্দি হয়ে পড়াশোনা- এটাই ছিল তাঁর নিত্যদিনের রুটিন। আচমকাই তিনি কেন এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনলেন নিজের জীবনের, তা ভেবে পাচ্ছে না পরিবার।