Tripura 365
Editorial Team
এ বার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। হরমুজ় প্রণালীর রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে দেবে’ বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার নিউ ইয়র্কের একটি রাজনৈতিক সভায় হরমুজ় প্রণালীকে আমেরিকার ভূখণ্ড করার কথা ঘোষণা করেন ট্রাম্প। আগেই এর জবাব দিয়েছে তেহরান। এ বার ট্রাম্পকে সতর্ক করলেন ইরানের সেনাপ্রধান। হরমুজ় প্রণালী নিয়ে ‘রসিকতা’ করার উপযুক্ত জবাব পাবেন আমেরিকার প্রেসিডেন্ট বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান।
হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে হাঁটতে চলেছে ইরান। এই নিয়ে দু'দেশের মধ্যে সমঝোতা অনেকটাই এগিয়েছে বলেও সূত্রের খবর। এরই মধ্যে শীঘ্রই ইরানকে পর্যদুস্ত করে হরমুজ় প্রণালী-কে নিজেদের দখলে নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। ইরানকে পরাজিত করার পরেই হরমুজ় প্রণালীকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। এরই সঙ্গে আমেরিকান প্রেসিডেন্টের দাবি, তাঁদের অনুমতি ছাড়া ওই প্রণালী দিয়ে কোনও জাহাজ চলাচল করতে পারবে না। ইরানে নৌ-অবরোধ অব্যাহত আছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
এর পরেই ট্রাম্পের এই দাবির জবাব দিয়েছে ইরান। ‘হরমুজ় প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে’ বলে জানিয়েছে ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি । এই প্রণালী কখন বন্ধ হবে এবং কখন খুলবে, সেই সিদ্ধান্ত শুধু ইরানই নেবে বলেও জানিয়েছেন তিনি। ওই মন্তব্য করার জন্য ট্রাম্পের সমালোচনাও করেন তিনি।