Tripura 365
Editorial Team
ভারত ও প্রতিবেশী দেশ নেপালের মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হলো। তবে এই যাত্রার সূচনা হয়েছে পণ্যবাহী ট্রেন দিয়ে।
নেপালের উদ্দেশ্যে প্রথম সরাসরি কন্টেইনারবাহী মালবাহী ট্রেনের সূচনা করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। ৪০টি ওয়াগনযুক্ত প্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনার পণ্যবাহী ট্রেন কলকাতা পোর্ট থেকে নেপালের বিরাটনগর কাস্টমস ইয়ার্ড পর্যন্ত যাত্রা করেছে। সেখানে সফলভাবে পৌঁছেছে ওই ট্রেন। সোমবার, উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ঐতিহাসিক যাত্রার মধ্য দিয়ে ভারত-নেপাল রেল ট্রানজিট প্রোটোকল বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে আন্তঃসীমান্ত পণ্য পরিবহনের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রেলের আধিকারিকরা জানিয়েছেন, এর ফলে সীমান্তে পণ্য অন্য যানবাহনে ট্রান্সশিপমেন্ট ছাড়াই কলকাতা বন্দর থেকে বিরাটনগর পর্যন্ত বিপুল পরিমাণ পণ্য সরাসরি রেলপথে পরিবহন করা সম্ভব হয়েছে। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পরিবহণের সময়, লজিস্টিকস খরচ এবং কার্গো হ্যান্ডলিং উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এই কারণে নেপাল এবং ভারতের মধ্যে বাণিজ্য আরও দ্রুত এবং কার্যকর বলেও আশা তাঁদের।