Tripura 365
Editorial Team
পাঞ্জাব থেকে কানাডায় পড়তে গিয়েছিলেন বিদেশে। সেখানেই প্রাণ হারালেন ভারতীয় তরুণী। কানাডার এডমন্টনে তাঁর বাড়ির ভিতর থেকেই তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। দিন তিনেকের মধ্যেই মারা যান দমনপ্রীত কৌর নাম্নী বছর তেইশের তরুণী! ময়নাতদন্তের পরই ধরা পড়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। দ্রুত গ্রেপ্তার করা হয় দমনপ্রীতের লিভ ইন পার্টনার ২২ বছরের রীতিশ কুমারকে।
জানা গিয়েছে দমনপ্রীতের বাড়ি সামরালায়। তিনি স্টুডেন্ট ভিসায় কানাডায় গিয়েছিলেন। গত ৯ জুলাই এডমন্টনের সিলভারবেরি এলাকার একটি বাড়িতে সন্দেহজনক আঘাতের চিহ্ন-সহ ওই তরুণীর সন্ধান মেলে। পরে তাঁর মৃত্যু হলে গ্রেপ্তার হন রীতিশ। তাঁর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার কেস আনা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মনে করা হচ্ছে রীতিশ ছাড়া এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত নন। তবে ঠিক কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি বলেই দাবি তদন্তকারীদের।