Tripura 365
Editorial Team
মহামারি কোভিড কি ফের থাবা বসাচ্ছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশজুড়ে। অন্ধ্রপ্রদেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত সেরাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৬। ইতিমধ্যেই কোমর্বিডিটি থাকা ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে উদ্বেগ বাড়িয়ে এবার অন্ধ্রপ্রদেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। ৪ জনের নমুনা পরীক্ষা করে ওমিক্রন ‘আর এফ.৫’ ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টেরই বেশ কয়েকটি ধরনের মধ্যে এটি একটি।
অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য বিভাগের তরফে ৪ রোগীর করোনা পজিটিভ নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি গবেষণাগারে পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফলাফলেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে গবেষকদের। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পুনের গবেষণাগার থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে রাজ্যে করোনার পরিস্থিতির অবস্থা নিয়েও আলোচনা করেন তিনি। এবিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দপ্তর।