Tripura 365
Editorial Team
সিএএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে কলকাতায় এসে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে বলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। সেইসব জটিলতা কেটে যাবে। সেই বার্তাও এদিন দিয়েছেন শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এবার ১২৫ তম জন্মতিথি। বাংলায় ১২৫ ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তি বসছে নিউটাউনে। সেই উপলক্ষ্যে আজ, সোমবার ভূমিপুজো হয়। নিউটাউনে উপস্থিত ছিলেন শাহ। সেখানেই তিনি বার্তা দেন, “এই ভূমিপুজোকে আলাদাভাবে দেখছি। সোনার বাংলা গঠনের সংকল্পপূরণের সূচনার দিন শুরু হল।”
নরেন্দ্র মোদি সরকার নাগরিকত্ব আইন চালু করেছে। বাংলা-সহ ভারতে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে আগেই বার্তা দিয়েছে বিজেপি সরকার। বাংলাদেশ থেকে এই বাংলাতেও অনেক শরণার্থী এসেছেন অতীতে। তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে, সেই কথা জানানো হয়েছিল। অনেকেই সিএএ-তে আবেদন করে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন। কিন্তু নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে বলে অভিযোগ সামনে আসছিল। এবার বাংলায় বিজেপি সরকার গঠন হয়েছে। ডবল ইঞ্জিন সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করছে। কলকাতায় এসে ফের নাগরিকত্ব নিয়ে বড় বার্তা দিলেন শাহ।