Tripura 365
Editorial Team
মধ্য আফ্রিকার ইবোলা (Ebola Virus) আতঙ্ক এবার ভারতের মাটিতে। উগান্ডা থেকে ভারতে আসা এক মহিলার শরীরে সংক্রমণের লক্ষণ ধরা পড়ায় তড়িঘড়ি তাঁকে পাঠানো হল আইসোলেশনে। কোনওরকম ঝুঁকি না নিয়ে উগান্ডার ওই মহিলার শরীরের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। এই ঘটনার স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। ওই মহিলা ভারতে আসার কোথায় কোথায় গিয়েছিলেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্যবিভাগ।
জানা গিয়েছে, গত ২৩ মে উগান্ডা থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে নেমেছিলেন ২৮ বছরের ওই মহিলা। বেঙ্গালুরুর এক হোটেলে ওঠেন তিনি। তাঁর শরীরে ব্যাথার উপসর্গ দেখা দেওয়ায় সঙ্গে সঙ্গে তাকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্নাটকের স্বাস্থ্যবিভাগের প্রধান সচিব ঋত্বিক রঞ্জনম পান্ডে বলেন, ‘মহিলার শরীরে এখনও জ্বরের মতো স্পষ্ট লক্ষণ নজরে আসেনি। ফলে উনি ইবোলা আক্রান্ত কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নই। কিন্তু বিমানবন্দরের স্বাস্থ্যবিভাগ তাঁর শরীরে ক্লান্তির লক্ষণ দেখে সতর্ক হয়। বর্তমানে ওনাকে ইন্দিরানগরের এপিডেমিক ডিজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরের নমুনা সগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই জানা যাবে তিনি ভাইরাসে আক্রান্ত কিনা। তবে আপাতত উদ্বেগের কিছু নেই।’