Tripura 365
Editorial Team
ভোটগ্রহণের আগেই থানায় গিয়ে ‘দুষ্কৃতী’দের আত্মসমর্পণ করতে বললেন নরেন্দ্র মোদী। বাঁকুড়ার বড়জোড়ার সভায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, আত্মসমর্পণ না করলে, ৪ মে-র পর ‘কেউ বাঁচতে পারবেন না’! এ কথা বলতে গিয়েই, তিনি বলেন, ‘নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, বাংলায় বিজেপিই ক্ষমতায় আসতে চলেছে। ৪ মে-র পর বিজেপিরই সরকার গঠন হবে বাংলায়।’প্রায় প্রতিটি নির্বাচনী প্রচারেই সিন্ডিকেটরাজ, মাফিয়ারাজের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করে চলেছেন মোদী। হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার পর ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর সঙ্গে ‘সবকা হিসাব’-ও হবে। ভোটের মুখে সেই সুর আরও চড়ালেন প্রধানমন্ত্রী। বললেন, ‘বাংলার বাঘ কে? বাংলার জনতা হলো বাঘ। এই জনতা ফুঁসছে, আর সহ্য করবে না। নির্মম সরকার হঠাতে তারা বদ্ধপরিকর। এখন বদল চাই। সব সিন্ডিকেট, গুন্ডাদের শেষ বার বলছি, ২৯ এপ্রিলের আগে নিজের নিজের থানায় আত্মসমর্পণ করুন। খুব ভালো হয়, যদি ২৩ তারিখের আগে করেন। কারণ, ৪ মের পরে কেউ বাঁচবে না। বিষ্ণুপুরের মাফিয়া, কয়লা পাচারকারী, সিন্ডিকেট কান খুলে শুনুন, এ সব চলবে না।’