Tripura 365
Editorial Team
শুধু ভারতের নন। ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী! এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই সিদ্ধান্ত বদলে ফেলল আদালত। নিজেদের দেওয়া নির্দেশে নিজেরাই স্থগিতাদেশ দিল। বিচারপতি সুভাষ বিদ্যার্থীর এ হেন পদক্ষেপ বিরল ঘটনা বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। রাহুলের বিরুদ্ধে লখনউয়ের বিশেষ এমপি-এমএলএ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভিগ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা। দাবি করেন, রাহুল গান্ধী যে কেবলমাত্র ভারতের নাগরিক নন, এর যথেষ্ট প্রমাণ তাঁর হাতে রয়েছে। ওই বিজেপি নেতা আদালতে দাবি করেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তারা দিয়েছে। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরেই দেওয়া হয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা।