Tripura 365
Editorial Team
চলতি সপ্তাহে সংসদে পেশ হতে চলেছে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ সংশোধনী বিল। সোমবার এই বিলের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। এদিন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জানালেন, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জেরে দেশের মহিলারা বিশেষ মর্যাদা পেতে চলেছেন। নয়া বিলকে সমর্থনের জন্য বিরোধীদেরও প্রশংসা করলেন মোদি।সোমবার দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ”আমি এখানে কাউকে উপদেশ দিতে আসিনি। এসেছি শুধুমাত্র মহিলাদের আশীর্বাদ নিতে। গণতান্ত্রিক কাঠামোতে মহিলাদের জন্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কয়েক দশক ধরে সকলেই অনুভব করছেন। এই আলোচনার পর্যায়েই চার দশক কেটে গিয়েছে। বহু রাজনৈতিক দল ও বহু প্রজন্মের প্রচেষ্টা এর সঙ্গে জড়িত। প্রতিটি দলই এই ধারনাকে নিজস্ব পন্থায় এগিয়ে নিয়ে গিয়েছে। আমি মনে করি মহিলা সংরক্ষণের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”এই বিলকে সমর্থনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলির প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম আনা হয়েছিল। সেই সময় সব রাজনৈতিক দল পূর্ণ সমর্থন জানায়। ২০২৯ সালের মধ্যে এটি কার্যকর করার দাবি উঠেছিল সকলের তরফে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি এই দাবিতে সোচ্চার ছিল।” এরপরই প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হল, আলোচনা সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা। আমি বিশ্বাস করি অতীতে যেভাবে আইনটি পাশ হয়ে সংসদের মর্যাদা বাড়িয়েছিল, এবারও সকলের সম্মতিতে এই সংশোধনী বিল পাশ হবে, এবং সংসদের মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছবে।”