Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান পদ্ধতি ও সঠিক দিশা দেখানোর লক্ষ্যে জিডি স্টাডি সার্কেলের উদ্যোগে এবং ‘অনুসন্ধান সোসাইটি-র সহযোগিতায় শনিবার শুরু হল দু-দিনের এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠানের প্রথম দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ পার্থ কর্মকার। উদ্বোধনী ভাষণে ডঃ কর্মকার বলেন, "উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, বরং সঠিক গাইডেন্স এবং ভবিষ্যতের ক্যারিয়ারের পথ দেখানো শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব।" জিডি স্টাডি সার্কেলের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি তিনি আগামী দিনে ছাত্রছাত্রীদের স্বার্থে সংসদের বিভিন্ন নতুন পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এদিনের কর্মসূচিতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত—এই চারটি মূল বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদগণ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের ডঃ শুভময় দাস, পদার্থবিদ্যার ডঃ মৃণাল কান্তি চক্রবর্তী, রসায়নের কৃষ্ণাংশু মিশ্র এবং গণিতের ডঃ মৃণাল নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বিশিষ্ট শিক্ষক সাংবাদিক ও কিচেন গার্ডেন কনভেনার মনোজ রায়।