Tripura 365
Editorial Team
এ বার ভোটের (West Bengal Election 2026) দিনক্ষণ ঘোষণা হওয়ার পালা। সাধারণত, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটমুখী রাজ্যে আসা মানেই, ভোটের নির্ঘণ্ট ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। সোমবার সর্বদলীয় বৈঠকের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও বৈঠক করে কমিশনের বেঞ্চ (CEC Gyanesh Kumar)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও ছিলেন। সূত্রের খবর, আইনশৃঙ্খলা নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জেলাশাসক, পুলিশসুপারদের এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও বলা হয়েছে বলে খবর।কমিশন সূত্রে খবর, এ দিন স্পষ্ট বলা হয়েছে, রাজ্যে যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, নন-বেলেবল ওয়ারেন্ট জারি থাকা সত্ত্বেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। কমিশনের নির্দেশ, এমন সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তি করে পরোয়ানাগুলিকে ‘জ়িরো’ করতে হবে।এর পাশাপাশি, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে জেলাপ্রশাসনকে উত্তেজনাপ্রবণ এবং অতি উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। সেই তালিকায় রাজনৈতিক ভাবে সংবেদনশীল গোষ্ঠীগুলিকেও অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।