Tripura 365
Editorial Team
আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরেই পশ্চিম এশিয়ার (West Asia) দেশগুলির উপরে বেপরোয়া ভাবে আক্রমণ চালাতে শুরু করে ইরান (Iran)। আমেরিকার (America) সামরিক ঘাঁটিগুলোই ছিল মূলত তাদের লক্ষ্য। তবে অভিযোগ, হামলার হাত থেকে নিস্তার পায়নি সাধারণ মানুষও। এর মধ্যেই হামলার জন্য আরব দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান (Iranian President Masoud Pezeshkian)। শনিবার তিনি বলেন, ‘আমরা ক্ষমাপ্রার্থী। তবে দেশ দখলের কোনও ইচ্ছা আমাদের নেই।’ একই সঙ্গে প্রতিবেশী দেশে আর কোনও হামলা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমেরিকাই যে তাঁর মূল প্রতিপক্ষ, বুঝিয়ে দিয়েছেন তাও।গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের তিনটি শহরে হামলা চালায় ইজ়রায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তার পরেই শুরু হয় যুদ্ধ। পশ্চিম এশিয়ায় আমেরিকার কোনও সামরিক ঘাঁটি থাকবে না বলে হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস। একের পর এক মিসাইল হামলায় কেঁপে ওঠে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরিন, জর্ডন, ইরাক, সিরিয়া, আজার বাইজ়ান তুরস্ক-সহ একাধিক দেশ। তছনছ হয়ে যায় আমেরিকার সামরিক ঘাঁটি। প্রচুর সাধারণ মানুষেরও মৃত্যু হয় বলে দাবি।