Tripura 365
Editorial Team
দু’দিনের সফরে ইজরায়েলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এলেন স্বয়ং বেঞ্জামিন নেতানিয়াহু। বিমান থেকে মোদি নামতেই তাঁকে জড়িয়েও ধরলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।বুধবার ভারতীয় সময় বিকেল ৫টার কিছুক্ষণ আগেই তেল আভিভে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে দেখেই ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তাঁকে জড়িয়ে ধরেন নেতানিয়াহু। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুও ছিলেন। সারা পরনে ছিল গেরুয়া পোশাক। ঘটনাচক্রে, মোদির পোশাকের পকেট স্কোয়্যারটির রংও ছিল গেরুয়া। বিমান থেকে নেমে নেতানিয়াহুর সঙ্গে সৌজন্য বিনিময়ের পর সারাকে দেখে মোদিকে বলতেও শোনা যায়, “গেরুয়া!” কথায় কথায় ভারত সম্পর্কে সারা বলেন, “খুব সুন্দর দেশ।” সেই সময় মোদির প্রশংসা করতে থাকেন নেতানিয়াহুও। বলেন, “উনি দুর্দান্ত নেতা।” সরকারি সূত্রে খবর, তেল আভিভে মোদি-নেতানিয়াহুর একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই জেরুজালেমের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি।