Tripura 365
Editorial Team
রেলের অ্যাপ নিয়ে বিভ্রান্তির দিন শেষ। যাত্রী-স্বাচ্ছন্দ্যে এ বার শুধুই ‘রেল-ওয়ান’ অ্যাপ (Rail One)। শুক্রবার বিকেলে ভারতীয় রেল (Indian Railway) এমনটাই জানাল। দীর্ঘদিন ধরে ভারতীয় রেলের যাত্রীরা এক রকম ‘ডিজিটাল যাযাবর’–এর মতো দিন কাটাচ্ছিলেন। এক গুচ্ছ অ্যাপের গোলকধাঁধায় তাঁদের বিভ্রান্ত হওয়া ছিল প্রতিদিনের ঘটনাদূরপাল্লার ট্রেনের বার্থ সংরক্ষণের জন্যে একটি অ্যাপ, শহরতলির লোকাল ট্রেনের জন্য অন্য একটি, আবার ট্রেন ট্র্যাক করার জন্যে আরও একটি অ্যাপ। যাত্রার ঝক্কি শুরুর আগেই চালু হয়ে যেত একাধিক পাসওয়ার্ড এবং বার বার লগ-ইন করার ডিজিটাল যুদ্ধ। সেই ঝক্কি শেষ হচ্ছে। এ বার কাজ করবে শুধুই ‘রেল-ওয়ান’।রেল জানাচ্ছে, এটি এমন একটি ‘সুপার অ্যাপ’ যা রেলের বিশাল এবং জটিল ব্যবস্থাকে একটি মাত্র মসৃণ ইন্টারফেসে নিয়ে আসার জন্যে তৈরি হয়েছে। এতদিন ধরে সমান্তরাল ভাবে বেশ কয়েকটি অ্যাপ চালিয়েছে ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনে আসন সংরক্ষণে ‘আইআরসিটিসি রেল কানেক্ট’, লোকাল ট্রেনের (Local Train) টিকিট কাটতে ‘ইউটিএস-অন-মোবাইল’ ব্যবহার করতেন যাত্রীরা। অনেক দিন ধরেই রেলের পরিকল্পনা ছিল একটি ‘সুপার অ্যাপ’ চালু করে সব সমস্যার সমাধান করার। সে জন্যে বেশ কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছিল ‘রেল ওয়ান’ অ্যাপটি। তবে ওই অ্যাপ বাকি অ্যাপগুলির সঙ্গে সমান্তরাল ভাবেই চলছিল। এ বার বাকি অ্যাপগুলি বন্ধ করে রেল শুধু একটি অ্যাপই চালাতে থাকবে বলে জানিয়েছে।